কাউলি ভাস্টকে রূপকথার রাজপুত্র বললে কমই বলা হয়। তার জন্ম তিহিপুতে। এটি তাহিতি দ্বীপপুঞ্জের ছোট্ট একটি গ্রাম। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাড়ে এ গ্রামে সে বড় হয়েছে। ছোটবেলা থেকেই সমুদ্রের ডাক আর ঢেউ তার চেনা। আট বছর বয়স থেকে সে এই সমুদ্রে সার্ফিং করে। আজ মঙ্গলবারও (৬ আগস্ট) করেছে। তবে বিগত দিনের সঙ্গে আজকের দিনটা মেলানো যাবে না। আজ চারপাশে ছিল ক্যামেরার ঝলকানি। পৃথিবীজুড়ে টেলিভিশন চ্যানেল ও অনলাইনে সে দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে। আর ৯ দশমিক ৫ মিনিটে যখন তিনি সার্ফিং ট্র্যাক শেষ করেন, তখন তীরে দাঁড়িয়ে থাকা তার গ্রামের মানুষ স্থানীয় ভাষায় ‘কাউলি, কাউলি’ বলে উৎসবে মেতে ওঠে। কারণ, ততক্ষণে জানা হয়ে গেছে যে তিনি এবার অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন। খবর অলিম্পিক্স।

কাউলি ভাস্টের বর্তমান বয়স ২২। চৌদ্দ বছর ধরে যে সমুদ্রের ঢেউকে তিনি সমঝে সার্ফিং রপ্ত করেছেন, মুকুট তো তার মাথায়ই ওঠার কথা। প্যারিস অলিম্পিকে পুরুষদের সার্ফিংয়ে গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি তরুণ কাউলি ভাস্টের প্রতিক্রিয়াও শোনার মতো, ‘সমুদ্রের সঙ্গে আমার গভীর সম্পর্ক। সেই ছোটবেলা থেকে এ সমুদ্রের পাড়ে বড় হয়েছি। আমি সমুদ্রে প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর সময় ব্যয় করেছি।’ তিনি বলেন, ‘নিজের দেশে থেকে অলিম্পিকে বিজয়ী হওয়াটা সত্যি অন্যরকম।’