ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে আড়াই ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ৩টায় ভেনেজুয়েলার মাঠে খেলবে ব্রাজিল, এরপর ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনা খেলতে প্যারাগুয়ের মাঠে।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পরে কলম্বিয়া (১৯), উরুগুয়ে (১৬), ব্রাজিল (১৬), একুয়েডর (১৩), প্যারাগুয়ে (১৩), বলিভিয়া (১২), ভেনেজুয়েলা (১১), পেরু (৬) ও চিলি (৫)।

চলতি মাসেই আরেক রাউন্ডের খেলা হবে। ২০ নভেম্বর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে আর ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। এই দুই রাউন্ড শেষে অনেকটা নিশ্চিত হয়ে যাবে, কোন ছয়টি দল লাতিন অঞ্চল থেকে সরাসরি খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। এই মহাদেশ থেকে অবশ্য আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। টেবিলের সপ্তম দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেতে পারে।

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।