আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের পর্যটন দূত হলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব দূত হিসেবে মেসির নাম ঘোষণা করেন।
এক টুইটে আল-খাতেব লিখেছেন, লিওনেল মেসি ও তার বন্ধুদের সৌদি আরবে স্বাগত
জানাই। আপনাকে নিয়ে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ ও আমাদের সমৃদ্ধ ইতিহাস জানাতে আর
তর সইছে না। সৌদিতে এটি মেসির প্রথম ভ্রমণ নয়, শেষবারও নয়। আনন্দের সঙ্গে আমি মেসিকে
সৌদি পর্যটনের দূত ঘোষণা করছি।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্জেন্টিনার সতীর্থ খেলোয়াড়
লেয়ান্দ্রো পারেদেস ও তার পরিবারের সঙ্গে গত সোমবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে
অবতরণ করেন মেসি। সেদিনই লোহিত সাগর ভ্রমণের একটি ছবিও আপলোড করেন সামাজিক যোগাযোগ
মাধ্যমে।
গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছিল, সৌদি পর্যটন
বোর্ডের তরফ থেকে মেসিকে আনুষ্ঠানিক দূত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তবে সে সময়
সৌদি রাজতন্ত্রের শাসনে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছিল অনেক মানুষ। তাই সেই
সময় মেসিকে এই চুক্তি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছিলেন কাছের মানুষজন।
দেশটির পর্যটন মন্ত্রণালয় মেসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মূলত সৌদি
আরব মেসির মাধ্যমে জানাতে চায়, বিনোদন ও ভ্রমণের জন্য দেশটি অনেক উপযোগী। ভ্রমণ
পিপাসুরা যেন সেখানে বেড়াতে যায়। সম্প্রতি সৌদি সরকার বিনোদন ও খেলাধুলার
অগ্রগতিতে কাজ করছে।
মার্কা, ডেইলি মেইল










