অনেক নাটকীয়তা শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে ৫৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের কাছ থেকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শুক্রবার তার সঙ্গে কাতালানদের চুক্তি সই হয়েছে। ওইদিনই ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে বার্সা সমর্থকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়।

২০২০ সালে ফরাসি ক্লাব রেনের কাছ থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে রাফিনহাকে কিনে নেয় লিডস। ইয়র্কশায়ারের ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৫ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার, আর অ্যাসিস্ট করেন আরো ১২ গোলে। সেই থেকে তিনি চোখে পড়েন ইউরোপের একাধিক বড় ক্লাবের। যদিও শেষ পর্যন্ত তাকে পেল বার্সেলোনা। বার্সায় যোগ দেয়ার পর রাফিনহা বলেন, শৈশব থেকে এটা আমার স্বপ্ন ছিল। এ ক্লাবে আমি আমার সর্বোচ্চটা নিংড়ে দেব।

২০২১-২২ মৌসুমের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিডসের ২-১ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা, যা অবনমন এড়িয়ে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করে ক্লাবটির।

অন্যান্য: আয়াক্স থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ৪৫ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে তিন বছরের জন্য দলভুক্ত করেছে ম্যানইউ। ম্যানসিটি থেকে রহিম স্টার্লিংকে ৫০ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করার পর এবার ন্যাপোলি থেকে সেন্টার ব্যাক কালিদু কুলিবালিকে সই করিয়েছে চেলসি। তার সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে ব্লুজদের। আন্তোনিও রুডিগার নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে, আর আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন গেছেন বার্সেলোনা। সেই শূন্যস্থান পূরণ করবেন কুলিবালি। বিবিসি