কাতার বিশ্বকাপে হেক্সা মিশন নিয়ে নেমেছে ব্রাজিল। অর্থাৎ এবার দলটি তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে চায়। এরই মধ্যে গ্রুপপর্বে জিতে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু কাপ জিততে হলে সামনে কাদেরকে প্রতিপক্ষ পেতে পারে তারা? রয়টার্সের এক প্রতিবেদনে দেখানো হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাব্য রাস্তা এবং কাপের অন্যান্য দাবিদারদের, সোনালি কাপের জন্য যাদের সঙ্গে লড়তে হবে তাদের। 

বিশ্বকাপের গ্রুপপর্বে বিজয়ী শীর্ষ দুটি করে দল গিয়েছে নকআউট পর্বে। নকআউটে একটি ম্যাচেই নির্ধারিত হবে জয়-পরাজয়। ম্যাচের মূল সময়ের মধ্যে জয়ী নির্ধারণ করা না গেলে জয়ী দল বাছতে নেয়া হবে পেনাল্টির সাহায্য। 

গ্রুপপর্বে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পরে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটে জায়গা নিশ্চিত করেছে ৫ বারের বিশ্বজয়ীরা। অবশ্য শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে পরাজিত হয় ব্রাজিল, তবে তাতে শেষ ষোলোর পথে বাধা আসেনি তাদের। 

নকআউটে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার আপ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে পাঁচ তারকা খচিত হলুদ জার্সি সোজা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে হারলে এ বছর এখানেই শেষ হবে ব্রাজিলের হেক্সা মিশন। 

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ই গ্রুপের বিজয়ী দল জাপান বা এফ গ্রুপের রানার আপ এবং ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। এ পর্বের প্রতিপক্ষকে পরাজিত করতে পারলে সেমিফাইনালে উঠবে লাতিন দলটি।

সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ সি-এর বিজয়ী দল আর্জেন্টিনা। বাংলাদেশের অধিকাংশ ফুটবলপ্রেমীর জন্য কলিজাকাঁপানো ম্যাচ হতে পারে এ পর্বে। পুরো সম্ভাবনাই নির্ভর করছে বেশকয়েকটি সমীকরণের ওপর। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দল সেমিফাইনালে পৌঁছালেই শুধু তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এ পর্বে গ্রুপ এ-এর বিজয়ী দল নেদারল্যান্ডসও হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ। 

সেমিফাইনাল উতরালে ব্রাজিল যাবে কাঙ্ক্ষিত ফাইনালে। এবার তাদের মুখোমুখি হতে হবে ডি গ্রুপের বিজয়ী ২০১৮ বিশ্বকাপজয়ী দল ফ্রান্স অথবা ২০১৬ ইউরো কাপ বিজয়ী এবং গ্রুপ এইচের বিজয়ী দল পর্তুগালকে।