করোনা প্রতিষেধক টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে নামার পর তার ভিসা বাতিল করা হয়েছে। খবর বিবিসি, আল জাজিরা ও ডয়চে ভেলের।

দেশটির বর্ডার ফোর্স বলছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের শর্তাবলী পূরণ করেননি। তাকে দেশে ফেরত পাঠানো হবে। এরপর তাকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। খবরে বলা হয়েছে, তিনি এখনো ভ্যাকসিন নেননি। ফিরতি ফ্লাইটে তাকে দেশে পাঠিয়ে দেয়ার আগে তাকে একটি সরকারি ডিটেনশন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এরআগে জোকোভিচ নিজেই জানান যে, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য টিকা দেয়া থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। সার্বিয়ান তারকার অনুরোধ ছিল, তাকে কিছুটা ছাড় দেয়া হোক। নয় ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পর জোকোভিচ জানতে পারেন, তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়া হবে না। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, কঠোর সিদ্ধান্ত, কিন্তু এটি সঠিক সিদ্ধান্ত।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, জোকোভিচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন। জোকোভিচের বাবা এর আগে জানিয়েছিলেন, টেনিস প্লেয়ারকে একটা ঘরে রাখা হয়েছে। বাইরে দুইজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সেই ঘরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জোকোভিচ বিমানবন্দরে এমন কোনো নথি দেখাতে পারেননি, যার ফলে তাকে এই ছাড় দেয়া যেতে পারে। নিয়ম নিয়মই, সকলকে সেটা মানতে হবে। বিশেষ করে যদি সেটা দেশে প্রবেশের ক্ষেত্রে হয়।

প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা, জোকোভিচ হোন বা অন্য কেউ, কারো জন্য নিয়মের ব্যতয় ঘটবে না।  

আগামী ১৭ জানুয়রি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতার কর্মকর্তারা আগেই জানিয়ে দিয়েছিলেন, যারা টিকার পুরো ডোজ নিয়েছেন অথবা যারা চিকিৎসাগত কারণে ছাড় পেয়েছেন, তারাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।