বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে সুইসদের নাম শুনলেই লিওনেল মেসির মনে বিশেষ স্মৃতি ভেসে ওঠার কথা। কারণ এই দলটির বিপক্ষেই আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক।
স্মৃতিটা ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারির। সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আলেহান্দ্রো সাবেলার আর্জেন্টিনা ৩-১ গোলে জিতেছিল। আর তিনটি গোলই করেছিলেন তখনকার ২৪ বছর বয়সী মেসি।
ম্যাচের ১৯তম মিনিটে সার্জিও আগুয়েরোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলে বক্সের বাইরে থেকে ক্রস শটে গোল করে দলকে এগিয়ে দেন রোজারিওর জাদুকর। এরপর সুইজারল্যান্ড সমতায় ফিরলেও ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন তিনি। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে করেন নিজের দ্বিতীয় গোল।
যোগ করা সময়ে গনজালো হিগুয়েনের ওপর হওয়া ফাউল থেকে পাওয়া পেনাল্টিও নিজেই নেন মেসি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে পূর্ণ করেন আর্জেন্টিনা ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
সেদিন প্রথম গোলটি করেছিলেন সুইস গোলরক্ষক দিয়েগো বেনালিওর বিপক্ষে। পরে বদলি হিসেবে নামা মার্কো উলফলির জালেও দুইবার বল পাঠান তিনি।
অবশ্য সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির স্মৃতি শুধু ওই হ্যাটট্রিকেই সীমাবদ্ধ নয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতেও এই প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচে গোল করেননি মেসি, অতিরিক্ত সময়ে ডি মারিয়ার জয়সূচক গোলের পেছনে ছিল তারই অসাধারণ অ্যাসিস্ট।









