নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে শুভসূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেটে ২৫৯ রান তোলে ক্যারিবিয়ান নারীরা। রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৬ রান করে কিউইরা।

 

অধিনায়ক সোফি ডিভাইনের ১০৮ রানের অনবদ্য ইনিংসও জেতাতে পারেনি নিউজিল্যান্ডকে। ১২৭ বলের ইনিংসে ছিল ১০টি চারের বাউন্ডারি। ওয়ানডেতে এটি ডিভাইনের ষষ্ঠ সেঞ্চুরি। ১৬২ রানে দলের ছয় উইকেট পতনের সময়ও উইকেটে ছিলেন ওপেনিংয়ে নামা ডিভাইন। দলের প্রয়োজন তখন আরো ৯৮ রান, হাতে কেবল চারটি। সপ্তম উইকেটে ক্যাটি মার্টিন ও ডিভাইন দলকে জয়ের আশা দেখান। দুজনে গড়েন ৫৩ রানের জুটি। দলীয় ২১৫ রানের মাথায় ডিভাইন সাজঘরে ফিরে গেলে হার উঁকি দিতে থাকে কিউই শিবিরে।

অষ্টম উইকেটে মার্টিন ও জেস কেরের ৪০ রানের জুটি দলকে একদম জয়ের কাছে নিয়ে যায়। শেষ ওভারে দলের প্রয়োজন পড়ে ৬ রান। নিউজিল্যান্ডের মাটিতে কখনই ওয়ানডে জিততে না পারা ক্যারিবিয়ানদের ভয় ছিল ইতিহাস নিয়েও। যদিও এদিন দেশকে জেতানোর দায়িত্ব কাঁধে নেন ডিন্ড্রা ডট্টিন। শেষ ওভারে তিন তিনটি উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি ওয়েস্ট ইন্ডিজকে। কিউইরা জয় থেকে ৪ রান দূরে থেমে যায়।

 

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। হেইলি ম্যাথুসের ১২৮ বলে ১১৯, স্টেফানি টেলরের ৩০ ও চেডিয়ান নেশনের ৩৬ রানের ইনিংসে ভর করে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরির পর দুই উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন হেইলি ম্যাথুস। ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকাতে ১৬টি চার ও একটি ছক্কার বাউন্ডারি মারেন ক্যারিবিয়ান ওপেনার। ক্রিকইনফো