ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলোন মাস্ক। আজ বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন মার্কিন ধনকুবের। কিন্তু এর কিছুক্ষণ পরেই রিটুইটে তিনি এটাকে কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন। 

কিছুদিন আগেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে টুইটারের পক্ষ থেকে ফেইক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ একাধিক বিধান লঙ্ঘনের কারণ উল্লেখ করে চুক্তি বাতিলের ঘোষণা দেন। এখন উভয়পক্ষ এ নিয়ে মামলা-মোকদ্দমায় ব্যস্ত।

আজ সকালে বিশ্বের শীর্ষ ধনী টুইট বার্তায় লিখেছিলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম। তবে এর কয়েক ঘণ্টা পরই তিনি রিটুইটে লিখেছেন, না, এটি টুইটারে দীর্ঘদিন ধরে চলমান কৌতুক। আমি কোনো খেলাধুলার দল কিনছি না।

টুইটারে অপ্রাসঙ্গিক লেখালেখিরও অনেক নজির রয়েছে মাস্কের। তবে এ ব্যাপারে ইংল্যান্ডের সফলতম ফুটবল ক্লাবটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। 

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্ল্যাজার পরিবারের অধীনে। তারা নাকি ক্লাবটি বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু এজন্য গ্ল্যাজার পরিবারকে ৪৮৪ কোটি ডলার দাম দিতে হবে ক্রেতাকে।

মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র‍্যাংকিং অনুসারে, বিশ্বের চতুর্থ ধনী ক্লাব হলো ম্যানইউ। ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ৪২০ কোটি ডলার। অন্যদিকে ২৬ হাজার ৯০০ কোটি ডলারের মালিক ইলোন মাস্কের পক্ষে ৫০০ কোটি ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেয়া অসম্ভব কোনো বিষয় নয়।