হাঁটুর চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে নাম
প্রত্যাহার করেছেন ছেলেদের এককে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ফলে ‘ওয়াকওভার’ পেয়ে ফাইনালে
উঠে গেলেন নরওয়ের ক্যাসপার রুড। বুধবার দুজনের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল।
চোটের কারণ হিসেবে রোলাঁ গারোঁর ‘পিচ্ছিল’ কোর্টকে দায়ী
করেছেন ৩৭ বছর বয়সী জোকোভিচ। সোমবার আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনদোলোর সঙ্গে কোয়ার্টার
ফাইনাল ম্যাচ খেলার সময় তার ডান হাঁটুতে টেপ প্যাচানো দেখা যায় এবং তিনি খেলার সময়ই
চিকিৎসকের শরণাপন্নও হন। যদিও অস্বস্তির মধ্যে খেলেও তিনি ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩
গেমের জয় তুলে নেন। ম্যাচটি সাড়ে চার ঘণ্টা স্থায়ী হয়।
আজ মঙ্গলবার তার ডান হাঁটুতে এক্সরে করানো হলে চোটের
বিষয়টি ধরা পড়ে। ডান হাঁটুর মিডিয়াল মেনসিকাস ছিড়ে গেছে। ফলে তিনি নিজেকে সেমিফাইনাল
থেকে সরিয়ে নেন। নাম প্রত্যাহারের ঘোষণা দেয়ার সময় জোকোভিচ বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে
জানাচ্ছি যে, আমি নাম প্রত্যাহার করে নিচ্ছি। খুবই সতর্কভাবে ভেবে ও পরামর্শ করে আমি
ও আমার টিম কঠিন এই সিদ্ধান্ত নিয়েছি।’
এতে ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের আশা আপাতত শেষ হলো
জোকোভিচের। সেইসঙ্গে র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারাচ্ছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে শেষে
ছেলেদের র্যাংকিংয়ের এক নম্বরে উঠে যাবেন ইতালির ইয়ান্নিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন
চ্যাম্পিয়ন সিনার ৬-২, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়ে সেমিফাইনালে
উঠেছেন।










