প্লে-অফ শেষে ড্রয়ের পরই জানা গিয়েছিল, এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের মাঠে বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে প্রথম লেগের এ লড়াই।

সাফল্যের নিরিখে এটা ডেভিড আর গোলিয়াথের লড়াই বলতে পারেন। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রেকর্ড ১৫ বার, আর অ্যাটলেটিকো মাদ্রিদ কখনই ইউরোপিয়ান শীর্ষ মুকুট জিততে পারেনি। তারা চ্যাম্পিয়নস লিগে তিনবারের রানার্সআপ। তবে কখনো শিরোপা না জিতলেও দিয়েগো সিমিওনের দল এ মুহূর্তে শক্তিশালী একটি প্রতিপক্ষ। ২০১৪ ও ২০১৬ সালের দুটি ফাইনালে তারা হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।

এক দশক আগে দায়িত্ব নেয়ার পর সিমিওনের অধীনে স্পেন ও ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয় অ্যাটলেটিকো। চলতি মৌসুমে তারা দুর্দান্ত পারফর্ম করে চলেছে। আজও আত্মবিশ্বাসী এক দলের সামনে পড়বে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র তো বলেই দিলেন, কোনো ভুল করলেই চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে বিদায় নিতে হবে তাদের। লা লিগায় শনিবার রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস বলেছেন, এমন দুর্বল পারফরম্যান্সের পুনরাবৃত্তি তাদের ইউরোপে করা চলবে না। তিনি বলেন, ‘আমি মনে করি, গত ম্যাচে আমাদের সবকিছুতেই ঘাটতি ছিল। আমরা অনেক ভুল করেছি, রক্ষণে দুর্বলতা ছিল এবং সবকিছু বাজেভাবে করেছি।’

তিনি আরো বলেন, ‘এটা ভালো যে খারাপটা আগের ম্যাচে করেছি। এখন আগামীকালের (আজ) ম্যাচে আমাদের কোনো ভুল করা চলবে না, কেননা এটা নকআউট ম্যাচ। এখানে ভুল করলেই আপনি বাড়ি চলে যাবেন এবং আমরা তো এত আগে বিদায় নিতে চাই না। আমরা খেলায় উন্নতি করে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

শেষ ষোলোর প্রথম লেগে আজ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের মাঠে খেলবে ইংল্যান্ডের আর্সেনাল, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে ফ্রান্সের ক্লাব লিল ও বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে খেলবে ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা।