কোকো গাফের ওপর কর্তৃত্ব করেই চলেছেন ইগা সিয়ানতেক। আমেরিকান তারকাকে আজ বৃহস্পতিবার সরাসরি ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেছেন ২৩ বছর বয়সী পোলিশ সুপারস্টার। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের সম্ভাবনা জাগালেন তিনি।

 

তৃতীয় বাছাই কোকো গাফ তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচালেও শেষ লক্ষা হয়নি। দ্বিতীয় সেটেই জয় নিশ্চিত করেন সিয়ানতেক।

 

এ নিয়ে ১২ বারের মুখোমুখিতে ১১ বারই জিতলেন সিয়ানতেক। এটাই প্রমাণ করে ২০ বছর বয়সী আমেরিকান খেলোয়াড়ের ওপর কতটা কর্তৃত্ব করে আসছেন তিনি।

 

জয় শেষে শীর্ষ বাছাই খেলোয়াড় সিয়ানতেক বলেন, ‘দ্বিতীয় সেটে বেশ জমাট লড়াই হয়, তবে আমি দিনশেষে জিততে পেরেই খুশি। আমি নিজের ট্যাকটিকস নিয়েই নিবিষ্ট ছিলাম, বেশি কিছু ভাবতে যাইনি এবং স্রেফ নিজের খেলাটা খেলে যাই।’

 

তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা তিনটি ফ্রেঞ্চ ওপেন জিতে মনিকা সেলেস (১৯৯০-১৯৯২) ও জাস্টিন হেনিনকে (২০০৫-০৭) ছুঁয়ে ফেলার হাতছানি সিয়ানতেকের সামনে।

 

শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন ইতালির জেসমিন পাওলিনির। আজ আরেক সেমিফাইনালে ১৭ বছর বয়সী রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভাকে ৬-৩, ৬-১ গেমে হারান পাওলিনি।


এবার এককের চ্যাম্পিয়ন পাবেন ২৪ লাখ ইউরো, রানারাপ পাবেন ১২ লাখ ইউরো ও সেমিফাইনালিস্ট পাবেন ৬ লাখ ৫০ হাজার ইউরো। কোকো বিদায় নিলেও তিনি ৮ কোটি টাকারও বেশি নিয়ে বাড়ি ফিরছেন!