ডাম্বুলায় বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ডিএলএস মেথডে ৪৫ রানে হারায় শ্রীলংকা। আজ রোববার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২০৯ রানে অলআউট করার পর ১৬৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে সিংহলিজরা। জয়ের পাল্লাটা কিউইদের দিকেই ছিল ভারী। যদিও নির্ভরতার প্রতীক কুশল মেন্ডিস ৭৪ রানের হার না মানা এক ইনিংস খেলে শ্রীলংকাকে ৩ উইকেটের জয় এনে দেন। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল শ্রীলংকা।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে সফলতা পায় সিংলজরা। দুনিত ভেল্লালাগে বোল্ড করেন টিম রবিনসনকে। অষ্টম ওভারের শেষ বলে হেনরি নিকোলসকে বোল্ড করেন আরেক স্পিনার মহীশ থিকসানা। এরপর দুই দফায় বৃষ্টি বাগড়া দিলে ম্যাচটি কমিয়ে ৪৭ ওভারের করা হয়। কিউইরা ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট। মার্ক চাপম্যান ৭৬ ও মিচেল হে ৪৯ রান করেন। শ্রীলংকার থিকসানা ও জেফ্রে ভ্যান্ডারসে তিনটি করে ও আসিফা ফার্নান্দো দুটি উইকেট নেন।
এরপর চাপের মুখে লড়াই করে শ্রীলংকাকে জেতান কুশল। তিনি প্রথম ওয়ানডে ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে দাপটে জেতান। আজ অষ্টম উইকেটে মহিশ থিকসানাকে নিয়ে ৪৭ রান যোগ করেন কুশল। থিকসানা ২৭ রানে অপরাজিত থাকেন।
মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়। সীমিত ওভারের সিরিজের আগে সেপ্টেম্বরে আরেক দফায় শ্রীলংকা সফরে এসে দুই টেস্টের সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ওই সিরিজে তাদের হোয়াইটওয়াশ করে সিংহলিজরা।










