দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে লড়ছে ইংল্যান্ড। স্কোয়াডে থাকা বর্তমান বাজারমূল্যে সবচেয়ে দামি দল এখন এটি। এক সমীক্ষায় দেখা গেছে, ইংলিশ খেলোয়াড় জুড বেলিংহাম ৮০০ খেলোয়াড়ের মধ্যে শীর্ষে রয়েছেন। টুর্নামেন্টে কোন দলের মূল্য কেমন, তা নিয়েই তুলনামূলক তথ্য বিশ্লেষণ।

ইংল্যান্ড

সুইস গবেষণাকারী দল সিআইইএস ফুটবল অবজারভেটরির পর্যালোচনার তথ্য মতে, ইংল্যান্ডের ২৬ জনের স্কোয়াডের ট্রান্সফার ভেল্যু প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো (১.৫৪ বিলিয়ন ডলার)। এর মধ্যে শুধু ১৯ বছর বয়সী বেলিংহামের মূল্য ২০২ মিলিয়ন ইউরো।

বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড় ইরানের সঙ্গে ম্যাচে দুর্দান্ত গোল করে বিশ্বের শীর্ষ তরুণ খেলোয়াড় হিসেবে খ্যাতি বাড়িয়েছেন। উদ্বোধনী ম্যাচে ইরানের বিপক্ষে ইংল্যান্ড ৬-২ গোলে জয় লাভ করে। 

ব্রাজিল

দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ব্রাজিল স্কোয়াডের ট্রান্সফার ভেল্যু ১ দশমিক ৪৫ বিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র (২০০ মিলিয়ন ইউরো) ব্রাজিলের সবচেয়ে দামি খেলোয়াড়। 

ফ্রান্স

ট্রান্সফার ভেল্যুতে তৃতীয় অবস্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। স্কোয়াডটির মোট মূল্য ১ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো। প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (১৮৫ মিলিয়ন ইউরো) ফ্রান্সের সবচেয়ে দামি খেলোয়াড়।

শীর্ষ অন্য স্কোয়াডগুলো হলো স্পেন (১.২ বিলিয়ন ইউরো), পর্তুগাল (১.১৫ বিলিয়ন ইউরো) ও জার্মানি (১.০২ বিলিয়ন ইউরো)।

২০২১ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত পাঁচটি প্রধান ইউরোপীয় লিগের ক্লাব থেকে স্থানান্তরিত খেলোয়াড়দের ২ হাজারের বেশি লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানানো হয়েছে। 

চলতি বিশ্বকাপে সব স্কোয়াডের সামগ্রিক মূল্য ১৫ বিলিয়ন ইউরো।