সাতবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার মেসি আর রেকর্ড যেন সমার্থক শব্দ।  আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায়  লুসেল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।আর এ ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়া হয়ে যাবে মেসির এবং সেটা প্রথম আর্জেন্টাইন হিসেবে।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন। এ তালিকায় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও।

এর আগে মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল, ডিফেন্ডার রাফায়েল মার্কেজ ও জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার লোথার ম্যাথিউস পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। কাতার বিশ্বকাপের আগে ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ এ চার বিশ্বকাপে খেলেছেন মেসি ও রোনালদো। চারটি বিশ্বকাপ মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। রোনালদোও মেসির সমান চারটি বিশ্বকাপ খেলেছেন, তবে ১৭টি ম্যাচ খেলে মেসির চেয়ে পিছিয়ে রোনালদো।

ধারণা করা হচ্ছে ৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। গত বছর তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন। ২০১৪ সালে বিশ্বকাপ ছোঁয়ারও দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন।