শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) তাদের উপস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ফুটবল দলের নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন ফোলারিন বালোগুন। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র। এ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন বালোগুন। তিনি জোড়া গোল করে দর্শকসারিতে থাকা টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম, জর্জ লুকাস ও হ্যালি বেরির মতো তারকাদের উচ্ছ্বসিত করে তোলেন।
অফসাইডের কারণে একটি গোল বাতিল হওয়ার পরও বালোগুন উৎসাহ হারাননি। বরং মাঠ আলোকিত করে গেছেন। ৩১ মিনিটের সময় ক্রিশ্চিয়ান পুলিসিচের দারুণ এক ক্রস থেকে বল জালে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে ২-০তে এগিয়ে দেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে বল জড়ান জালের ওপরের কোণে।
ম্যাচ শেষে বালোগুন বলেন, ‘এটি অসাধারণ একটি মুহূর্ত। অসাধারণ একটি রাত, যার স্বপ্ন আমি বহুদিন ধরে দেখে আসছি। আমি যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, যার বড় একটি কারণ ছিল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেয়া।’
এফসি মোনাকোর এ খেলোয়াড় আরো বলেন, ‘নিজ দেশের সমর্থকদের সামনে খেলা আমার কাছে সবকিছু। নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলছি—এটা অবিশ্বাস্য অনুভূতি। আমি খুবই আনন্দিত। চাপ কাটিয়ে এমন জয় পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’
প্যারাগুয়ের বিপক্ষে বালোগুনের জন্য এটি ছিল যেন পুরনো স্মৃতির পুনরাবৃত্তি। গত নভেম্বরে প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারানোর ম্যাচেও জয়সূচক গোল করেছিলেন তিনি।
২৪ বছর বয়সী স্ট্রাইকার বলেন, ‘এটা যেন ভাগ্যেরই লিখন। আমি এর আগে তাদের বিপক্ষে গোল করেছি। আবারো তাদের বিপক্ষে। বড় মঞ্চে গোল করতে পারাটা স্বপ্নপূরণের মতো।’ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বালোগুনকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
বালোগুন খেলতে পারতেন ইংল্যান্ডের হয়েও। ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার পরের বছর খেলেন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৮ দলে। আবার ফেরেন ইংল্যান্ডের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১) দলে। এরপর ২০২৩ সালে তিনি বেছে নেন যুক্তরাষ্ট্র জাতীয় দলকে।
বিশ্বকাপের আগে ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ জার্সিতে তিনি খেলেছেন ২৭ ম্যাচ। এবার ২৮তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন নিজ দেশের সমর্থকদের সামনে, বিশ্বকাপের মঞ্চে।
১৯ জুন রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এরপর ২৬ জুন সকাল ৮টায় স্বাগতিকদের প্রতিপক্ষ তুরস্ক। ওই দুটি ম্যাচেও কি দেখা যাবে বালোগুন ঝলক?










