সিডনি টেস্টে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে ২ উইকেটে ১৬৬ রান তুলে সোমবার দ্বিতীয় দিন মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার পুরোদিন ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৩৫২ রান যোগ করেছে স্বাগতিকরা। সব মিলে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ৫১৮ রান। এরই মধ্যে ১৩৪ রানের লিড নিয়েছে স্টিভেন স্মিথের দল।
৯১ রান নিয়ে আজ সকালে ব্যাট করতে নামা ট্রাভিস হেড ১৬৬ বলে ১৬৩ রান করে জ্যাকব বেথেলের শিকার হয়েছেন। ২৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ইনিংসটি সাজান হেড। টেস্টে এটা তার ১২তম সেঞ্চুরি।
হেড আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক স্টিভেন স্মিথ দারুণ এক সেঞ্চুরিতে দলকে টানেন। স্মিথ করেন ৩৭তম টেস্ট সেঞ্চুরি। ১২৩ ম্যাচে তার রান এখন ১০ হাজার ৭৪২। আজ হেড আউট হওয়ার পর উসমান খাজাকে নিয়ে ৫১, ক্যামেরন গ্রিনকে নিয়ে ৭১ ও বিউ ওয়েবস্টারকে নিয়ে ৮১ রান যোগ করেন তিনি। ২০৫ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৯ রান করে অপরাজিত রয়েছেন স্মিথ। তার সঙ্গে ৫২ রানে অপরাজিত ওয়েবস্টার। ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি ও বেন স্টোকস ২টি উইকেট নেন।
এর আগে জো রুটের ৪১তম টেস্ট সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে ইংল্যান্ড। ২৪২ বলের মোকাবেলায় ১৫ বাউন্ডারির সাহায্যে ১৬০ রান করেন তিনি। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ১৪ হাজার রান থেকে ৬৩ রান দূরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ১৫ হাজার ৯২১ রান নিয়ে চূড়ায় বসে আছেন ভারতের গ্রেট শচীন টেন্ডুলকার।
পাঁচ টেস্টের সিরিজে ৩-১-এ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।









