জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে ফাইনালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪১-২৪ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৪ গোলে এগিয়ে ছিল। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সানজিদা আক্তার সর্বোচ্চ ১২টি গোল করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আলপনা আক্তার সেরা খেলোয়াড় হয়েছেন।
স্থান নির্ধারণী ম্যাচে কাল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩২-২৫ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-১২ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের রুবিনা সর্বোচ্চ ১৩টি গোল করেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১’-এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল বিকালে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।










