পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিয়ে আসছেন জুনিয়র ক্রিকেটারদের নিয়ে অভিনব একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। যার নাম দেয়া হয়েছে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। যেখানে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৯-এর ক্রিকেটাররা খেলবেন। মূলত পাকিস্তানের ক্রিকেটের ভিত্তি শক্ত করার জন্য এ উদ্যোগ নিয়েছেন রমিজ।

পিজেএল আয়োজনের পরামর্শদাতাদের একটি প্যানেল করেছে পিসিবি। যে তালিকায় রয়েছেন দেশটির সাবেক ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ, সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, এখনো পাকিস্তানের হয়ে খেলে যাওয়া শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ড্যারেন স্যামি। এখানে লিগের মেন্টর করা হয়েছে মিয়াঁদাদকে, বাকি তিনজন থাকবেন দলগুলোর মেন্টরের ভূমিকায়।

পিসিবি জানিয়েছে, দলের পরামর্শদাতার ভূমিকা ছাড়াও দলগুলোর নাম, ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন তারা। তাদের জ্ঞান, প্রভাব ও আকর্ষণ প্রথম ইভেন্টের প্রচারের জন্য ব্যবহার করবে পিসিবি।

পিসিবি জানিয়েছে, আগামী ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে পিজেএলের প্রথম আসর। দেশটির ছয়টি শহরভিত্তিক ছয়টি দল গঠন করা হবে।