রাশিয়ায় গত বিশ্বকাপে চার গোল করে ফ্রান্সের দ্বিতীয় মুকুট জয়ের অন্যতম নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। চার বছর পর এবার কাতারেও সমান গতিতে ছুটছেন এই বিস্ময়কর খেলোয়াড়। গোল করায় ও করানোয় তার জুড়ি নেই। চার মাত্র চার ম্যাচেই ৫ গোল করে ২২তম বিশ্বকাপে গোল্ডেন বুটের দাবি জোরালো করেছেন তিনি।

 

আজ রোববার শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েন তিনি। ২৪ বছর হওয়ার আগেই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার তালিকায় পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসলেন এমবাপ্পে। তার গোলসংখ্যা এখন ৯ এবং নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে।

 

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বৈশ্বিক আসরে নয় গোল করলেন এমবাপ্পে। আজ তার বয়স ২৩ বছর ৩৪৯ দিন। পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও বিশ্বকাপে আট গোল করেছিলেন ২৪ বছর ১৮২ দিন বয়সে।

 

চলতি আসরেও সর্বোচ্চ পাঁচ গোল হয়ে গেল এমবাপ্পের। ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা এনে দেয়ার পথেও তিনি করেছিলেন চার গোল। তবে এবার প্রথম চার ম্যাচেই করলেন পাঁচ গোল। এর মধ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মূল একাদশে ছিলেন না, খেলেন বদলি হিসেবে। নইলে গোলসংখ্যা আরো বেশি হতে পারতো তার।

 

বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর (৮) চেয়ে বেশি গোল এমবাপ্পের এবং লিওনেল মেসির সমান। মেসি শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন বিশ্বকাপে নিজের নবম গোল। 

 

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক জার্মানির পোলিশ বংশোদ্ভূত খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা। তিনি করেছেন ১৬ গোল। এরপরে ব্রাজিলের রোনালদো (১৫), জার্মানির গার্ড মুলার (১৪), ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩), ব্রাজিলের পেলে এবং জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান (১১) ও হাঙ্গেরির সান্দর ককসিস (১১)।