রাশিয়ার আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেন। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলার মতো অবস্থায় নেই দেশটি। তাই স্কটল্যান্ড-ইউক্রেনের প্লে-অফ সেমিফাইনালটি স্থগিত করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

 

অবশ্য ফিফার কাছে ইউক্রেনই অনুরোধ করেছিল, যেন ম্যাচটা পিছিয়ে নেয়া হয়। ২৪ মার্চ ম্যাচটি হওয়ার কথা ছিল স্কটল্যান্ডের হ্যাম্পডন পার্কে। এই ম্যাচের জয়ীর ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ওয়েলস অথবা অস্ট্রিয়ার। যারা আরেক প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হবে। স্কটল্যান্ড-ইউক্রেন ম্যাচ স্থগিত হওয়ায় এখন প্লে ফাইনালটিও পিছিয়ে যাবে।

 

নতুন তারিখের জন্য আলোচনা চলমান। বলা হচ্ছে, জুন মাসই এর সম্ভাব্য বিকল্প হতে পারে। এই অবস্থায় স্কটিশ ফুটবল প্রধানও ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

 

ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফা এটা নিশ্চিত করছে, ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা একটা অনুরোধ গ্রহণ করেছি। যাতে মার্চ থেকে তাদের নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেয়া হয়।

 

ইউরোপ মহাদেশ থেকে সরাসরি ১০টি দল বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে। এখন প্লে-অফ খেলে টিকিট পাবে আরো তিনটি দল। প্লে-অফের অগ্নিপরীক্ষায় রয়েছে ইতালি ও পর্তুগালের মতো শক্তিশালী দলও। এই দুটি দলের মধ্য একটির খেলা হবে না ২০২২ সালের বিশ্বকাপ। সেমিফাইনাল জিতে গেলে দুই দল ফাইনালে মুখোমুখি হতে পারে।

বিবিসি