সুপার টুয়েলভ পর্ব থেকে বাদ পড়তে যাওয়া সেই পাকিস্তানই উঠে গেল চলতি আইসিসি টি২০ বিশ্বকাপ ফাইনালে। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫২ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।

 

এ নিয়ে ওয়ানডে ও টি২০ মিলিয়ে বিশ্বকাপে চারটি সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারল নিউজিল্যান্ড। ১৯৯২ ও ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ ও ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিতে পাকিস্তানের কাছে হারের যন্ত্রণা পেল কিউইরা।

 

ওপেনিং জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ৭৬ বলে ১০৫ রান তুলে দিলে জয় নিয়ে আর ভাবতে হয়নি পাকিস্তানকে। রিজওয়ান ৪৩ বলে ৫৭ ও বাবর ৪২ বলে ৫৩ রান করেন। শেষ দিকে উঠতি তারকা মোহাম্মদ হারিস ২৬ বলে ৩০ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। ট্রেন্ট বোল্ট ৩৩ রানে দুটি উইকেট নেন।

 

এর আগে ড্যারিল মিচেল (৩৫ বলে ৫৩) ও কেন উইলিয়ামসনের (৪২ বলে ৪৬) ব্যাটে ভর করে দেড়শোর্ধ্ব রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে দুটি উইকেট নেন। 

 

আগামীকাল অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড।