এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার। আজ বুধবার এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার হাসান আলি ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। এশিয়া কাপের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

ফর্ম হারানো হাসান আলি নেই নেদারল্যান্ডস সফরেও। তার জায়গায় দুই দলেই রয়েছেন ফাস্ট বোলার নাসিম শাহ। শ্রীলংকা সফরে হাঁটুতে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন শহিন শাহ আফ্রিদি। পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকা আফ্রিদি এশিয়া কাপের স্কোয়াডের পাশাপাশি রয়েছেন নেদারল্যান্ডস সিরিজের দলেও। তবে তিনি এই সময়ে টিম ট্রেইনার ও ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন। এর পরই শাহিন শাহর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে পিসিবি।

আগামী ১৬ আগস্ট শুরু হবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ-২০২২ (টি২০ আসর)। পরদিন দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তাপ ছড়ানো ম্যাচ। ‘এ’ গ্রুপে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গ্রুপে তাদের সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা একটি দল। বাছাইপর্বেল ম্যাচে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা শীর্ষে থাকবে, তারাই ভারত ও পাকিস্তানের বিপেক্ষ খেলার সুযোগ পাবে।

পাকিস্তানের এশিয়া কাপের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ। আইসিসি