আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে উইমেন্স এশিয়া কাপ-২০২২। আগামী ১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য আসরটির সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত তিন আসরের মতো এবারের আসরটিও হবে টি২০ আদলে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেনি। তবে ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মহিলা কমিটির চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল।
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে উইমেন্স টি২০ বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এর পর এশিয়া কাপ মাঠে গড়াবে বাংলাদেশে।
আইসিসি গত সপ্তাহে তাদের নারী ক্রিকেট দলগুলোর ফিউচার ট্যুর প্রোগ্রাম প্রকাশ করেছে। যেখানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহ নারীদের এশিয়া কাপের জন্য নির্ধারিত ছিল।
ভারত নারী ক্রিকেট দল এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। আগের সাত আসরের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন তারা। তবে ২০১৮ সালে সবশেষ আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা তুলে ধরে লাল-সবুজ জার্সিধারীরা।
এবারের আসরে অংশগ্রহণ করবে সাতটি দল দল। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ২৭ ও ২৮ সেপ্টেম্বর অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশে পৌঁছবে।
ভেনু হিসেবে সিলেটকে বেছে নেয়ার কারণ হিসেবে নাদেল বলেন, এয়ারপোর্ট থেকে টিম হোটেল আর স্টেডিয়াম খুব কাছাকাছি দূরত্বে হওয়ার কারণেই এবারের আয়োজনে সিলেটকে বেছে নেয়া হয়েছে।
তিনি জানান, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এশিয়া কাপে ম্যাচ, আর ২ নম্বর মাঠে হবে অনুশীলন।
বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, অতীতে মহাদেশীয় ও বৈশ্বিক বেশ কয়েকটি আসর সফলভাবে আয়োজন করে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি। এবার আমরা নারী এশিয়া কাপের দলগুলোকে সিলেটে স্বাগত জানাই, যেখানে ২০১৪ সালের পুরুষ ও নারী টি২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।










