আসন্ন কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে
দেখছেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মডরিচ। গতকাল সোমবার দিবাগত রাতে উয়েফা নেশনস লিগের
ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে ম্যাচের ৫ মিনিটে
একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মডরিচ। ম্যাচ শেষে ক্রোয়াট ফুটবলার
কথা বলেন কাতার বিশ্বকাপ নিয়ে।
২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে
হারিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেই দলের সঙ্গে এবারের আর্জেন্টিনার বেশ পার্থক্য
দেখছেন লুকা। গত আসরের সেরা খেলোয়াড় মডরিচ বলেন, সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার
বিপক্ষে আমরা জিতেছিলাম। তবে তারা এখন অনেক ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবারের
আর্জেন্টিনা অনেক শক্তিশালী।
ক্রোয়াট তারকা বলেন, মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দলে পরিণত হয়েছে। মেসি খুবই ব্যতিক্রম
একজন খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু
প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেভারিট।
কদিন আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার মান
ইউরোপীয়দের মতো উন্নত নয়। এরপরই ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে
উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা।
এমবাপ্পের এমন মন্তব্যের প্রেক্ষিতে মডরিচ বলেন, আমি জানি না পার্থক্য আছে কিনা। একেক
মহাদেশে একেক ধরনের ফুটবল খেলা হয়। আমি নিশ্চিত লাতিন আমেরিকায়ও অনেক ভালো দল
রয়েছে। দারুণ সব প্রতিভা রয়েছে লাতিনে। ইউরোপের মতো সেখানেও সব ম্যাচ কঠিন।










