সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬১ রানে অলআউট করার পর ৬ উইকেটের জয় তুলে নেয় সিলেট টাইটানস। ৭ রানে ৫ উইকেট নিয়ে সিলেটের জয়ের নায়ক স্পিনার নাসুম আহমেদ।
৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাংলাদেশ জাতীয় দলের তারকা নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে ১৪৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার তিনি পেলেন ৫ উইকেটের স্বাদ। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটি সেরা বোলিং ফিগার। বাংলাদেশের বোলারদের মধ্যেও এবার ৫ উইকেট শিকারি প্রথম বোলার তিনি।
বিপিএলের সব আসর মিলিয়ে স্পিন বোলিংয়ে সেরা বোলিংয়ের কীর্তি এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে পেস-স্পিন মিলিয়ে এত কম রানে ৫ উইকেট নেয়ার কীর্তি আর কারো নেই। বিদেশি বোলারদের মধ্যে তার চেয়ে কম রানে ৫ উইকেট আছে শুধু পাকিস্তানের সাবেক পেস বোলার মোহাম্মাদ সামির (৬ রানে ৫ উইকেট, ২০১২ সালে)।
নাসুম ছাড়া মোহাম্মদ আমির (১/১৫), খালেদ আহমেদ (১/১১), মেহেদী হাসান মিরাজ (১/৯) ও আজমতউল্লাহ ওমরজাই (১/১৩) দারুণ বোলিং করেছেন। মাত্র ১৪.২ ওভার টিকে থেকে ৬১ রানে গুটিয়ে যায় নবাগত নোয়াখালী।
এরপর আফগান স্পিনার জাকির খান (৩/৮) আতঙ্ক ছড়ালেও ছোট টার্গেট ঠিকই ছুঁয়ে ফেলে সিলেট। তৌফিক খান ১৮ বলে ৩২ ও জাকির হাসান ২৩ বলে ২৪ রান করে সিলেটকে চিন্তামুক্ত করেন।
এ জয়ে রাজশাহীকে চারে ঠেলে টেবিলের তিনে উঠে যায় সিলেট। যদিও তারা রাজশাহীর চেয়ে দুই ম্যাচ কম খেলেছে।









