কভিডের টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে ফিরে আসতে হয়েছিল নোভাক জোকোভিচকে। পোহাতে হয়েছে অনেক ঝামেলা। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কঠোর নিয়মের কারণে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে এবার আগে থেকেই সরে গেলেন নোভাক জোকোভিচ।

দেশটির নিয়ম বলে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কেউ টুর্নামেন্টে অংশ নিতে চাইলে অবশ্যই করোনা প্রতিষেধক টিকা নিতে হবে।

তবে ৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকা গত মাসে বিবিসিকে নিশ্চিত করেছিলেন, তিনি টিকা নেননি। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুটি টুর্নামেন্টেই ড্রতে ছিলেন। তবে তিনি এক টুইটার পোস্টে জানিয়ে দিয়েছেন আসরগুলোতে খেলতে পারছেন না।

এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের অংশগ্রহণ নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। এমনকি টিকা ছাড়া তিনি খেলতে পারবেন কিনা এনিয়ে আদালত পর্যন্তও ব্যাপারটি গড়ায়। তবে শেষ পর্যন্ত হতাশ হয়ে অস্ট্রেলিয়া ছাড়তে হয় তাকে।