শৈল্পিক ফুটবলের পূজারী ব্রাজিল সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ‘স্টেডিয়াম ৯৭৪’ এর সবুজ গালিচায় রীতিমতো ফুল ফোটাল। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনহারা ধ্রুপদী ফুটবল খেলে কিছুটা হলেও ফিরিয়ে আনলেন ‘জোগো বনিতো’। এদিন সেলেসাওরা গোল উত্সব করে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

গতকাল কোরিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম শটেই গোল পেয়ে যায় ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে রাইট উইংয়ে ওয়ান-টু-ওয়ান পাস খেলার পর বাইলাইন থেকে পুল ব্যাক করেন রাফিনহা। নেইমার বলে টাচ করতে না পারায় চলে যায় ভিনিসিয়ুসের কাছে। বলকে টাচ করার পর দারুণ এক শটে দক্ষিণ কোরিয়ার পাঁচ ডিফেন্ডারের ওপর দিয়ে জালে পাঠিয়েছেন ভিনিসিয়ুস।

 

ব্রাজিলের গোল উত্সবের সেই শুরু। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় ব্রাজিল। ১৩ মিনিটে স্পট-কিক থেকে গোল করেন নেইমার। ২৯ মিনিটে থিয়াগো সিলভার পাসে বল পেয়ে রিচার্লিসন দারুণ এক গোল করেন (৩-০)। এরপর লুকাস প্যাকেতা। ৩৬ মিনিটের সময় ব্রাজিলকে চতুর্থ গোল এনে দেন এই মিডফিল্ডার। এই গোলটিতে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস।

 

৪-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। তবে এ সময় ৮-০ গোলেও এগিয়ে থাকতে পারতো সেলেসাওরা। তাদের আক্রমণাত্বক ফুটবলের কাছে কোরীয়রা যেন অসহায় হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টার পর ৭৬ মিনিটে পাইক সিউং-হো শক্তিশালী শটে একটি গোল পরিশোধ করেন। তাতে অবশ্য পরাজয় এড়ানো যায়নি।