নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের। দুই দলই সান্ত্বনার জয় চাইছিল। যদিও বেরসিক বৃষ্টি হতাশ করল ক্রিকেট সমর্থকদের। বুধবার রাতে ভারী বর্ষণের পর আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানো সম্ভব ছিল না। ফলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছে।
গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সমান এক পয়েন্ট পেলেও নিট রানরেটে স্বাগতিকদের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের নিট রানরেট (-) ০.৪৪৩ আর পাকিস্তানের (-) ১.০৮৭।
‘এ’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে আগেই। রোববার গ্রুপসেরা হতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে শুক্রবার লাহোরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। পরদিন করাচিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নবম চ্যাম্পিয়নস ট্রফি আসর।
এই রাওয়ালপিন্ডিতে গত মঙ্গলবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি এই বৃষ্টির কারণে। গতকাল রাতে পাকিস্তানের শিল্প নগরীতে বৃষ্টি হয়েছে। সকালে একটু সময় থামলেও পরে আবার বৃষ্টি শুরু হয়ে বিকাল পর্যন্ত চলছিল। এমনকি ম্যাচের টসও হতে দেয়নি বৃষ্টি। দুই দলের খেলোয়াড়রা মাঠের বদলে তাই ড্রেসিংরুমেই হাত মিলিয়ে বিদায় নিয়েছেন।










