বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল স্ট্রোক করেছেন।

শুক্রবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রামে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়।

নাফিসের নিকটাত্মীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নাফিস ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বোর্ড পরিচালক আকরাম খানের ভাতিজা। এছাড়া ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই তিনি।

৩৯ বছর বয়সী এ ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। মাত্র আড়াই বছরের কম সময় স্থায়িত্ব ছিল তার জাতীয় দলের ক্যারিয়ার।

২০১৮ সালের ঘরোয়া ক্রিকেটে শেষবার মাঠে নামা নাফিস বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানেজার হিসেবে কাজ করছেন। গড়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানও।