কাতার বিশ্বকাপে আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

 

গতকাল আল খোরের আল বাইত স্টেডিয়ামে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে নাম লেখায় ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে ৩৮ মিনিটে জর্ডান হেন্ডারসন, প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেন ও ৫৭ মিনিটে বুকায়ো সাকা গোল করেন।

 

গ্রুপ পর্বে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করা ইংল্যান্ড আরেকবার তাদের শক্তি দেখাল। ২০১৮ সালের সেমিফাইনালিস্টরা কোনো সুযোগই দেয়নি আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে, যারা দলসেরা স্ট্রাইকার সাদিও মানের ইনজুরিতে সাধারণ মানের একটি দলে পরিণত হয়। কাল ইংলিশদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আলিউ সিসের দল।  

 

এর আগে রোববার দিবাগত রাতে আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলো ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে গুঁড়িয়ে কাতার কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কিলিয়ান এমবাপ্পে করেন জোড়া গোল, অন্য গোলটি অলিভিয়ার জিরুর করা। যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।