উইমেন্স এশিয়া কাপে বুধবার (২৪ জুলাই) মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শ্রীলংকার ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। বুধবার সন্ধ্যায় ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে থাইল্যান্ড। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার ক্ষেত্রে এই দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ।  

 

সেমিফাইনালে যেতে হলে বুধবার বাংলাদেশকে জিততেই হবে। সেই সঙ্গে এটাও নিশ্চিত হতে হবে যেন থাইল্যান্ডর কাছে লংকানরা হেরে না যায়। শ্রীলংকার কাছে প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

 

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছে থাই নারীরা। বাংলাদেশ পরের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েও তাই নিশ্চিন্তে নেই। কারণ, থাইরা যদি লংকানদের হারিয়ে দেয়, সেক্ষেত্রে তাদেরও ভালো সুযোগ থাকবে সেমিতে ওঠার। তখন তিন দলের পয়েন্ট হবে সমান এবং নিট রানরেট দিয়ে দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে।

 

২৬ জুলাই দুটি সেমিফাইনাল ও ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী এশিয়া কাপ ক্রিকেটের।

 

এশিয়া কাপে আগের আট আসরে সাতবারই শিরোপা জিতেছে ভারত। বাকি একবার শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করে টাইগ্রেসরা। এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শ্রীলংকার মাঠে খেলছেন নিগার ও তার দল।