আইপিএলে সোমবার রাতে একমাত্র ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ২১০ রান তাড়া করতে নেমে হারতে বসেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও আশুতোষ শর্মার ৩১ বলে খেলা ৬৬ রানের বিস্ফোরক ইনিংস দিল্লিকে শেষ ওভারে ১ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় এনে দেয়।

আগে ব্যাটিং করে নিকোলাস পুরান (৩০ বলে ৭৫) ও মিচেল মার্শের (৩৬ বলে ৭২) ফিফটিতে ৮ উইকেটে ২০৯ রানের সৌধ গড়ে লখনৌ। মিচেল স্টার্ক ৪২ রানে ৩টি ও কুলদীপ যাদব ২০ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বসার পরও কি জয়ের কথা ভাবছিল দিল্লি?

কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন ২৬ বছর বয়সী আশুতোষ। ত্রিস্তান স্টাবস (২২ বলে ৩৪) ও ভিপরাজ নিগমকে (১৫ বলে ৩৯) নিয়ে দুটি জুটি গড়ে দলের আশা বাঁচিয়ে রাখেন। শেষ ৩ ওভারে ৩৯ রানের প্রয়োজন পড়ে, হাতে ছিল ৩ উইকেট। যদিও রান ওঠার সাথে সাথে পরপর দুই ওভারে দুটি উইকেটও হারায় দিল্লি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৬ রান। মোহিত শর্মাকে নিয়ে আশুতোষ শর্মা আশার প্রদীপ জ্বালিয়েই রাখেন। প্রথম বলে মোহিত রান পাননি, দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন আশুতোষকে। ডানহাতি ব্যাটার প্রথম বলেই শাহজাদ আহমেদকে স্ট্রেইট ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

১৯ বলে ছিল ১৯ রান, সেখান থেকে ৩১ বলে ৬৬ রান! অবিশ্বাস্য ব্যাটিংয়ে দিল্লিকে জিতিয়ে মাঠ ছাড়েন আশুতোষ।

মঙ্গলবার রাত ৮টায় আহমেদাবাদে স্বাগতিক গুজরাট টাইটানসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।