গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। এখন তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আগামীকাল শুক্রবার শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। এবার শিরোপা জিতলে লিগের ইতিহাসে প্রথমবারের মতো টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে পেপ গার্দিওলার দল। ম্যানসিটিকে ইতিহাস ডাকছে। আর অন্যরা নামছে সিটিকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে।

 

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লিগের উদ্বোধনী ম্যাচে বার্নলির মুখোমুখি হবে চ্যাম্পিয়নরা।

 

গতবার ম্যানসিটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেনি আর্সেনাল। তারা ২৪৮ দিন টেবিলের শীর্ষে থেকে ২০ বছর পর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগায়। যদিও তারকাসমৃদ্ধ ম্যানসিটিই শেষ হাসি হেসেছে। মিকেল আরতেতার আর্সেনাল এবার কি পারবে শেষ পর্যন্ত দম ধরে রাখতে? নাকি লিভারপুল, ম্যানইউ ও চেলসির মধ্যে কোনো দল শিরোপার হাসি হাসবে?

 

২০১৩ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করা ম্যানইউ পুনর্গঠনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং গতবার তৃতীয় হয়ে তারা উন্নতির সাক্ষর রেখেছে। এবার কি এরিক টেন হ্যাগের দল শিরোপার সত্যিকারের দাবিদার হয়ে উঠতে পারবে?

 

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে সৌদি আরবের অর্থায়ন পাওয়া নিউক্যাসল। কিন্তু তারা কি এবার শীর্ষ চারে থাকতে পারবে? লিভারপুল কি আবারো শ্রেষ্ঠত্ব পাবে? নতুন ম্যানেজারের অধীনে টেবিলের মাঝামাঝি অবস্থান থেকে জেগে উঠবে কি চেলসি ও টটেনহাম?

 

এসব প্রশ্নের উত্তর মিলবে ২০২৩-২৪ মৌসুমের শেষ নাগাদ। তার আগে পুরো মৌসুমে জমজমাট লড়াই হবে ইংলিশ দলগুলোর মধ্যে, যার পর্দা উঠছে শুক্রবার।