করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। ওসমান খাজার সেঞ্চুরি ও স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে আজ প্রথম দিন ছিল অজিদের। দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৫১ রান তুলে নিয়েছে সফরকারীরা। খাজা ১২৭ ও নাথান লায়ন শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিং জুটিতে খাজা-ওয়ার্নার মিলে তোলেন ৮২ রান। ব্যক্তিগত ৩৬ রানে ডেভিড ওয়ার্নার ফেরেন ফাহিম আশরাফের শিকার হয়ে। এরপর ব্যাটিংয়ে নেমে খাতা খোলার আগেই রানআউটের ফাঁদে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। তৃতীয় উইকেটে খাজা-স্মিথ জুটি তোলেন ১৫৯ রান। টেস্টে ১১তম সেঞ্চুরি করা খাজা ২৬৬ বলে ১২৭ রানে অপরাজিত আছেন। ২১৪ বল মোকাবেলায় ৭২ রান করে হাসান আলির শিকার হন স্মিথ।

 রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে।