তামিম ইকবাল কুঁচকির চোটে ছিটকে পড়ায় ভারতের
বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার
দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের
পর ২৮ বছর বয়সী ব্যাটসম্যান লিটন ৫৭টি ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৮৩৫ রান।
ওয়ানডেতে এর আগে কখনো দলকে নেতৃত্ব দেননি তিনি। যদিও ২০২১ সালে একটি টি২০ ম্যাচে
তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। বৃষ্টিতে খাটো হয়ে আসা সেই ম্যাচে অবশ্য প্রথম বলেই ‘ডাক’ করেন
লিটন।
অবশ্য এ বছর সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা
পারফরমার লিটন। ওয়ানডেতে ১০ ইনিংসে ৬২.৫০ গড়ে করেছেন ৫০০ রান। পারফরম্যান্স ও
নেতৃত্বগুণের কারণে তাকেই তামিমের জায়গায় নেতা হিসেবে বেছে নেয় বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক মোহাম্মদ
জালাল ইউনুস বলেছেন, লিটন এ
মুহূর্তে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও দেখা
গিয়েছে। তার রয়েছে পরিষ্কার ক্রিকেটীয় জ্ঞান এবং খেলাটা ভালো বুঝতে পারে।
গুরুত্বপূর্ণ এই সিরিজে তামিমকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক, বিশেষ করে তার অধীনে বাংলাদেশ দারুণ কিছু
সাফল্য পেয়েছে। সে আমাদের শীর্ষ ব্যাটসম্যানও। সে দলে না থাকায় অভাব অনুভুত হবে।
যদিও নেতৃত্বের শূন্যতা লিটন কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছি।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম
ওয়ানডে ও ৭ ডিসেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
আইসিসি ওয়ানডে সুপার লিগ টেবিলে এ মুহূর্তে
পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। টেবিলের শীর্ষ সাতটি দল আগামী বছরের ওয়ানডে
বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান ও শরিফুল ইসলাম।










