উত্তেজনা ঠাসা ফাইনাল ম্যাচ। নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত সময়েও ফলাফল গোলশূন্য। চেলসি-লিভারপুল কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। গতকাল রোববার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লিগ কাপের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও অপেক্ষা করতে হয়েছে ২২ টাইব্রেকার পর্যন্ত। দুই দলের ১১ জনকেই আসতে হলো শট নিতে। প্রথম ২১ শটের প্রতিটিই গেছে প্রতিপক্ষের জালে। সাডেন ডেথের ১১ নাম্বার শটটি মিস করে বসলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজেবালাগা। আর তাতেই লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ার বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল সালাহ-মানেদের লিভারপুল। টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামের এ জয় নিয়ে সর্বোচ্চ নয়বার ইংলিশ লিগ কাপের শিরোপা জেতার রেকর্ড গড়ল লিভারপুল। নির্ধারিত সময়ের খেলায় ৫৫ শতাংশের বেশি বল দখলে রেখে ২০টি শট নেয় লিভারপুল, যার ছয়টিই ছিল লক্ষ্যে। চেলসির ১১ শটের লক্ষ্যে ছিল চারটি । তবে গোল আসেনি কারো।
টাইব্রেকারের শুরুতেই দুদলের খেলোয়াড়রা গোল করেই যাচ্ছিল। এক পর্যায়ে দুই দলের ১০টি করে শটই জড়িয়ে যায় জালে। শট নিতে বাকি শুধু দুই দলের গোলরক্ষক। সেখানেই বাজিমাত লিভারপুলের কোয়েমিন কেলেহারের। চেলসির কেপাকে বোকা বানিয়ে বল জালে জড়ান আইরিশ গোলরক্ষক। ব্লুজদের হয়ে শেষ শট নিতে এসেই গড়মিল পাকিয়ে ফেলেন টাইব্রেকারের ঠিক আগ মুহুর্তে বদলি হয়ে নামা কেপা। স্নায়ু ধরে রাখতে না পেরে শটটা রাখালেন বারের উপর দিয়ে! এতেই বিজয় নিশ্চিত হলো অলরেডদের।










