দ্বিতীয় রাউন্ডে নাওমি ওসাকার কাছে হারতে হারতে বেঁচে যান নারী এককের শীর্ষ বাছাই ইগা সিয়ানতেক। ওসাকা ছিলেন ম্যাচ পয়েন্টের সামনে। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচটি জিতে নেন ইগা। চেক খেলোয়াড় ম্যারি বুজকোভাকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। এই জয়ে ২৩তম জন্মদিন রাঙালেন পোলিশ সুপারস্টার।
দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা দিলেও তৃতীয় রাউন্ডে অপেক্ষাকৃত মসৃণ ছিল সিয়ানতেকের পথ। চেক খেলোয়াড়টির বিপক্ষে ৩৪টি উইনার্স জিতে শেষ বত্রিশে ওঠেন তিনি।
টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপার আশায় খেলা সিয়ানতেক রোলাঁ গারোঁয় এ নিয়ে টানা ১৭ ম্যাচ জিতলেন। চতুর্থ রাউন্ডে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার মুখোমুখি হবেন তিনি। পাভলিউচেঙ্কাভা ৭-৫, ৬-৭ (৬/৮), ৬-৪ গেমে হারান চীনের ওয়াং জিনয়ুকে।
গতকাল বেলজিয়ামের এলিস মের্টেনসকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কাজাখস্তানের এলিনা রিবাকিনা।
আরেক শিরোপাপ্রত্যাশী কোকো গাফ ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ডায়ানা ইয়াস্ত্রমস্কাকে। তৃতীয় বাছাই কোকো ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনে রানারআপ হয়েছেন। তার সামনে এখন ইতালির এলিজাবেত্তা কচ্চিয়ারেত্তো, যিনি তৃতীয় রাউন্ডে হারান রাশিয়ার লুদমিলা সামসোনোভাকে।
তিউনিসিয়ার তারকা ওন্স জাবের ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে কানাডার লেইলাহ ফার্নান্দেজকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন।
স্পেনের তৃতীয় বাছাই খেলোয়াড় কার্লোস আলকারাজ সরাসরি ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোরদাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। এ জয়ে তিনি চোটশঙ্কা উড়িয়ে দিলেন। শুক্রবার রাতের সেশনে দর্শককে নিখাদ বিনোদন দিয়ে ম্যাচটি জিতে নেন ২১ বছর বয়সী আলকারাজ। তিনি বলেন, ‘খুবই ভালো একটি ম্যাচ হলো, আমি সত্যিই অনেক ভালো খেলেছি। আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছি। আমি কোর্টে নিজেকে অনুভব করতে চাই, যা আজ পেরেছি।’
স্পেনের মুর্সিয়ায় জন্মগ্রহণকারী আলকারাজকে অনেকেই রাফায়েল নাদালের যোগ্য উত্তরসূরি মনে করেন। মেধাবী এ খেলোয়াড়কেই রোলাঁ গারোঁর পরবর্তী রাজা ভাবা হচ্ছে। গতবার সেমিফাইনালে হেরেছেন নোভাক জোকোভিচের কাছে। এবার কি শিরোপায় চুমু খেতে পারবেন এ তরুণ তুর্কি?
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ইতালির ইয়ান্নিক সিনার টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার লক্ষ্যে খেলছেন। তৃতীয় রাউন্ডে তিনি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারান রাশিয়ার পাভেল কোতোভকে। সিনার অবশ্য হিপের চোটের সঙ্গে লড়ছেন। ফলে সম্প্রতি নিজ দেশে অনুষ্ঠিত রোম মাস্টার্সে খেলা হয়নি তার। ৫৬ নম্বর র্যাংকধারী কোতোভের সামনে অবশ্য চোটজনিত কোনো দুর্বলতা দেখা গেল না সিনারের। তিনি বেশ সাবলীল টেনিস খেলে প্রতিপক্ষকে হারিয়েছেন।
চতুর্থ রাউন্ডে কোরেন্তিন মাউতের মুখোমুখি হবেন সিনার। মাউত ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-১ গেমে হারান অস্ট্রিয়ার সেবাস্তিয়ান অফনারকে।
তারকাদের মধ্যে অঘটনের শিকার হয়েছেন শুধু ষষ্ঠ বাছাই আন্দ্রেই রুভলেভ। তাকে সরাসরি ৭-৬ (৮-৬), ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির ম্যাত্তেও আরনালদি। আরনালদিকে এবার খেলতে হবে নবম বাছাই গ্রিসের স্তেফানোস সিসিপাসের বিপক্ষে।
রোলাঁ গারোঁর রাজা নাদাল এবার প্রথম রাউন্ডে হেরেছেন জার্মানির আলেক্সান্ডার জেরেভের কাছে। তিনি রেকর্ড ১৪ বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন শিরোপা। একটি নির্দিষ্ট টুর্নামেন্টে এত বেশি শিরোপা আর কেউ কখনো জেতেনি। যদিও বিদায়ী আসরটি মধুর হলো না স্প্যানিশ ম্যাটাডোরের।










