আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

 

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলবে অজিরা। দেশটির মাটিতে খেলা সর্বশেষ সিরিজ হবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার অনুপ্রেরণা। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতেছিল অতিথিরা। করাচি ও পেশওয়ারে শেষ দুই টেস্ট ড্র হলেও রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইনিংস ও ৯৯ রানে জয় পায় মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সাবেকদের সেই সুখস্মৃতি অজিদের দেবে বাড়তি উদ্দীপনা। ওইবার পাকিস্তানের অধিনায়ক ছিলেন আমির সোহেল। সিরিজটিতে খেলা কেউই এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই। সর্বশেষ অবসর নেয়া ক্রিকেটার ছিলেন শহিদ আফ্রিদি।

 

সাদা পোশাকে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মুখোমুখি ইতিহাস ৬৬ বছরের। ১৯৫৬ সালে করাচিতে সর্বপ্রথম দু’দল টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়। যে ম্যাচটি অতিথিদের ৯ উইকেটে হারায় স্বাগতিকরা। এরপর থেকে এখন পর্যন্ত সর্বমোট ২৫টি টেস্ট সিরিজে ৬৬টি ম্যাচ মুখোমুখি হয়েছে দল দু’টি। এর মধ্যে ৩৩ টেস্ট জিতে পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই হেলে আছে। ১৫টিতে জিতেছে পাকিস্তান এবং ড্র হয়েছে ১৮টি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে ৫০ শতাংশ টেস্টই অস্ট্রেলিয়া জিতেছে। পাকিস্তানের জয়ের হার মাত্র ২২.৭২ শতাংশ।

 

বর্তমান আইসিসি টেস্ট র্যাংকিংয়ের বিবেচনায়ও এগিয়ে আছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান ষষ্ঠ। র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার মার্নুস লাবুশেনসহ সেরা দশে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। শীর্ষ বোলার প্যাট কামিন্সের সঙ্গী জশ হ্যাজেলউড আছেন আটে। সবশেষ বাংলাদেশ সফরে ফ্লপ করা পাকিস্তানের বাবর আজম আছেন ব্যাটারদের মধ্যে নয় নম্বরে। বোলিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা শাহিন আফ্রিদি আছেন পাঁচে।

 

তবে পূর্ব ইতিহাস বলছে ঘরের মাঠে পাকিস্তান অজিদের চেয়ে অনেক এগিয়ে। পাকিস্তানের মাটিতে এ পর্যন্ত দল দুটি খেলেছে আটটি সিরিজ। পাঁচটি সিরিজে জয় পেয়েছে স্বাগতিকরা। একটি সিরিজ ড্র এবং দুটি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।

 

২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ সিরিজ খেলেছিল দুই দল। আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারেছিল। ওই সিরিজে অজি দলের অধিনায়ক ছিলেন টিম পেইন। এবারের সিরিজে দুজনের কেউই নেতৃত্বে নেই।

 

এই সিরিজে চোখ থাকবে ১০ বছর পর পাকিস্তান দলে ফিরে দারুণ ব্যাটিং করা ফাওয়াদ আলমের ওপর। যিনি শেষ ১০ টেস্টে ৫৬.৮৩ গড়ে ৬৮২ রান করেছেন। তার সঙ্গে অভিজ্ঞ আজহার, বাবর ও ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানরা আছেন ব্যাটিং লাইনে। সাকলায়েন মুশতাকের কোচিংয়ে সবশেষ বাংলাদেশ থেকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে পাকিস্তান। বোলিংয়ে আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ ও নুমান আলীরা আছেন ফর্মে। অন্য দিকে অজি ব্যাটিংয়ে চোখ থাকবে লাবুশানের ওপর। যিনি শেষ ১০ টেস্টে ৫৭.৫০ গড়ে করেছেন ১০৩৫ রান। সঙ্গে ওয়ার্নার, স্মিথ ও ফর্মে থাকা হেড আছেন। বোলিংয়ে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ও নাথান লায়ান আছেন আগুনে ফর্মে। সবশেষ অ্যাশজ সিরিজে ইংল্যান্ডকে গুঁড়িয়ে ৪-০ তে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।