কাতার বিশ্বকাপে আজ সোমবার (৫ ডিসেম্বর) রাতে
শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে উজ্জীবিত দক্ষিণ কোরিয়া।
আরো একটি অঘটনের জন্ম দিয়ে সন হেয়াং-মিনের নেতৃত্বাধীন এশিয়ান পরাশক্তিরা এবার ব্রাজিল
বাধা পেরোতে চায়। শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান ও ঘানার মতো দলগুলো।
পরিস্থিতি বুঝেই কোরিয়া শেষ রক্তবিন্দু দিয়ে
লড়াই করার পণ করেছে বলে জানিয়েছে দলটির কোচ পাওলো বেন্তো। তিতের দলকে হারানোর ব্যাপারে
আত্মবিশ্বাসীও তিনি।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ব্রাজিল-কোরিয়া লড়াই
শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
পর্তুগিজ কোচ পাওলো বেন্তো সংবাদ সম্মেলনে
এসে সতর্কবার্তা দিয়েছেন, যদি আমরা কোনো টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি তাহলে বলব
তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে
একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে।
৫৩ বছর বয়সী কোচের অধীনে গত জুনে ব্রাজিলের
বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। সেই স্মৃতি ভুলে যেতে চাইছেন
বেন্তো। তিনি বলেন, ‘আমরা সেই ম্যাচটার তুলনা করতে চাইছি না। কেননা এটা হলো অফিশিয়াল
ম্যাচ। জুনে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আশা করছি কালকে অন্তত জুনের মতো সীমাবদ্ধতা
থাকবে না। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
ব্রাজিলকে নিজেদের বক্সে জায়গা না দেয়ার ঘোষণা
দিয়ে বেন্তো বলেন, ‘আমরা বক্সে প্রতিপক্ষকে জায়গা দেবো না। ওরা চাইবে আমাদের বক্সে
এসে খেলতে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো খেলার।’
ব্রাজিলের বড় তারকা নেইমার জুনিয়রের প্রসঙ্গ
এলে বেন্তো বাস্তববাদী হওয়ার চেষ্টা করেছেন। নেইমারের প্রতি সম্মান রেখেই বলেছেন,
‘আমরা নেইমারের বিপক্ষে খেলতে চাই। এটা বললে ভণ্ডামি হবে। সত্যিকার অর্থে আমি সব সময়
পছন্দ করি মাঠে সেরা খেলোয়াড়টি থাকুক। আমরা চাই না কোনো ভালো খেলোয়াড় চোটের কারণে মাঠের
বাইরে থাকুক। তবে আমরা ঠিক করব কী কৌশলে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’










