মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে এক গোল করে বিশ্বকাপ ফুটবলে মোট আটবার প্রতিপক্ষের জালে বল পাঠালেন লিওনেল মেসি। এর মাধ্যমে স্পর্শ করলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে চাপের মুখে ছিল আর্জেন্টিনা। এমন ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে গতকাল শনিবার দিবাগত রাতে মেক্সিকোর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে মেসি-ডি মারিয়ারা। আর ২-০ গোলে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল দুবারের চ্যাম্পিয়ন দলটি। সঙ্গে বিশ্ব উপহার হিসেবে পেল মেসিসুলভ চোখ-ধাঁধানো গোল।

মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে শটটি দেন মেসি। ওই গোলের সঙ্গেই বদলে যায় ম্যাচের রঙ। মেক্সিকো তার আগে পর্যন্ত চাপে রেখেছিল আর্জেন্টিনাকে, এবার যেন তারা খেই হারিয়ে ফেলে। সেই সুযোগ নেন এনজো ফার্নান্ডেজ।

বিশ্বকাপে ৮টি গোল রয়েছে ম্যারাডোনার। পর্তুগালের রোনালদোর গোল সংখ্যাও ৮। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসি বিশ্বকাপে ৮ গোলের মালিক হলেন। তিনজনের মধ্যে কম ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। অন্য দিকে মেসি ও ম্যারাডোনা দুজনেই ২১টি ম্যাচ খেলেছেন। তবে রোনালদো ও মেসি দুজনেরই সামনে রয়েছে প্রয়াত কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ।