সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন ফুটবল কিংবদন্তি পেলে বলেছেন, ‘অনেক আশা নিয়ে’ তিনি এখনো ‘সবল’ রয়েছেন। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে ‘শক্তি’ দিয়েছে বলেও উল্লেখ করেন। খবর বিবিসি।

এর আগে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, চিকিৎসাধীন পেলের অবস্থা স্থিতিশীল রয়েছে।

কেমোথেরাপিতে সাবেক ফুটবল তারকা সাড়া দিচ্ছেন না এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল অনেক আশঙ্কার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় সে খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে পেলে ইনস্টাগ্রাম বিবৃতিতে বলছেন, বন্ধুরা, আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই।

তিনি বলেন, আমি সবল রয়েছি। অনেক আশাবাদী এবং যথারীতি চিকিত্সা নিচ্ছি।

যথাযথ সেবার জন্য হাসপাতাল ও চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।

পেলে বলেন, সৃষ্টিকর্তার ওপর আমার অনেক বিশ্বাস। সারা বিশ্ব থেকে পাওয়া ভালোবাসার প্রতিটি বার্তাই আমাকে শক্তিতে ভরিয়ে রাখে। বিশ্বকাপেও ব্রাজিলকে দেখছি!

৮২ বছর বয়সী তিনবারের বিশ্বকাপ জয়ী গত মঙ্গলবার থেকে হাসপাতালে আছেন। বৃহস্পতিবার একে রুটিন চেকআপ বলে উল্লেখ করেছিলেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে পেলের কোলন থেকে একটি টিউমার সরানো হয়েছিল।

সাবেক এ স্ট্রাইকার ব্রাজিলের হয়ে রেকর্ড ৯২ ম্যাচে ৭৭ গোল করেন। তিনি চারটি বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করেছেন।