অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচদিনের পরীক্ষায় নামার আগে প্রস্তুতিটা মন্দ হচ্ছে না অতিথি দলের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে শুক্রবার প্রথম দিন ৬ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ। এ ম্যাচে তামিম ইকবাল রাজসিক এক সেঞ্চুরি পেলেও সদ্যই টেস্ট দলের নেতৃত্ব হারানো মুমিনুল হক ব্যর্থতার বৃত্তেই থাকলেন, করেছেন শূন্য রান।

যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে ঠিক সময়ে যোগ না দেয়ায় প্রস্তুতি ম্যাচে খেলছেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন টেস্টের সহঅধিনায়ক লিটন কুমার দাস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ প্রথম দিন ভালো সংগ্রহ পায় মূলত তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে। তিনি ১৪০ রান করে অপরাজিত থেকে প্রথম দিন মাঠ ছাড়েন। ২৪০ বলে ১৯ বাউন্ডারি ও এক ছক্কায় এ ইনিংস খেলেন বামহাতি ব্যাটার।

দলীয় দুই রানের মাথায় মাহমুদুল হাসান জয়ের উইকেট হারানোর পরও বাংলাদেশ ভালো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে তামিমের কল্যাণে। অবশ্য নাজমুল হোসেন শান্তর কৃতিত্বকেও ছোট করে দেখার সুযোগ নেই। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও শান্ত বোর্ডে যোগ করেন ১৪০ রান।

দলীয় ১৪২ রানে শান্ত আউট হয়ে যান। ৯৯ বলে ৯ বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন তিনি। এরপর ৯ রানের ব্যবধানে মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে ফিরিয়ে দারুণ সাফল্য দেখায় স্বাগতিক দলের বোলাররা। দৃঢ়তা দেখানো ইয়াসির আলী হয়েছেন রিটায়ার্ড হার্ট। ৩৯ বলে ১১ রান করা ইয়াসিরকে নিয়েই দলের সংগ্রহ আড়াইশ পার করান তামিম। নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তামিমকে। দিন শেষে তামিমের সঙ্গে ৬ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।