বিশ্বকাপের আসর শুরুর আগে থেকেই ইনজুরিতে রয়েছেন আর্জেন্টিনা শিবিরের বেশ কয়েকজন খেলোয়াড়। বিশ্বকাপের মধ্যেই ইনজুরড হয়েছেন আরেক আর্জেন্টাইন ডি মারিয়া। এবার ইনজুরির কথা জানালেন আলেহান্দ্রো পাপু গোমেজ। মুন্ডো আলবিসেলেস্তের এক খবরে জানানো হয়েছে, গোড়ালি মচকে গিয়েছে তার। 

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ে ব্যথা পান পাপু গোমেজ। অবশ্য চোট কতটা আশঙ্কার তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আর্জেন্টিনা দল। 

টিওয়াইসির সঙ্গে এক সাক্ষাৎকারে গোমেজ বলেছেন, গোড়ালি মচকে গিয়েছে আমার। গতকালের ম্যাচে আমি দৌড়াতে পারছিলাম না। পরে কোচকে অনুরোধ করেছিলাম, অন্য কাউকে নামাতে।

অবশ্য সেরে ওঠার জন্য হাতে সময় থাকায় তিনি খুব বেশি চিন্তিত নন পাপু। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরের ম্যাচের মধ্যে বেশখানিকটা সময় রয়েছে, আশা করছি এর মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে।