২১ বছর বয়সী স্ট্রাইকার আর্লিং ব্রট হাল্যান্ডের বরুশিয়া ডর্টমুন্ড
ছেড়ে ম্যানচেস্টার সিটিতে আসার ব্যাপারে সমঝোতা হয়েছে আগেই। আজ আনুষ্ঠানিকতাও
সম্পন্ন হলো। ৫ কোটি ১২ লাখ পাউন্ডে তাকে কেনা সম্পন্ন করল ম্যানচেস্টার সিটি। আকাশী
জার্সিতে ছবিও তুললেন হাসিমুখে। আর নরওয়েজিয়ান এই খেলোয়াড়টি জানালেন, আকাঙ্ক্ষা
পূরণের জন্য এই ক্লাবটিকেই তার কাছে উপযুক্ত জায়গা মনে হয়।
বরুশিয়ার হয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করেন হাল্যান্ড। জাতীয় দলের হয়েও তিনি
দুর্দান্ত পারফরমার। দুদিন আগেই তার জোড়া গোলে সুইডেনকে ৩-২-এ হারায় নরওয়ে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নপূরণে তার মতো একজন ক্ষুরধার স্ট্রাইকারই দলে চেয়েছিল
ম্যানসিটি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এবার তাদের তাবুতে পেয়ে গেল বিশ্বের অন্যতম
সেরা স্ট্রাইকারকে।
গত মাসে বরুশিয়ায় তার রিলিজ ক্লজ সক্রিয় করার মধ্য দিয়ে নরওয়েজিয়ান
খেলোয়াড়টিকে নিয়ে সমঝোতায় পৌঁছে সিটি। আজ সিটিজেনদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি
হয়েছে হাল্যান্ডের এবং আগামী ১ জুলাই তিনি ক্লাবে যোগ দেবেন।
চুক্তি সইয়ের পর হাল্যান্ড বলেন, এটা আমার ও আমার পরিবারের জন্য গৌরবের
একটি দিন। আমি সব সময়ই সিটির খেলা দেখে এসেছি এবং সাম্প্রতিক মৌসুমগুলোতে নিয়মিতই
দেখেছি। তাদের খেলার স্টাইলের প্রশংসা না করার উপায় নেই-এটা খুবই
রোমাঞ্চকর এবং তারা প্রচুর সুযোগ তৈরি করতে সমর্থ, যা আমার মতো খেলোয়াড়ের জন্য উপযুক্ত
জায়গা।
দলটিকে নিয়ে তিনি আরো বলেন, পেপ গার্দিওলার স্কোয়াডে বহু বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন এবং গার্দিওলা সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার। কাজেই আমি মনে করি, আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি সঠিক জায়গাতেই আছি। আমি গোল করতে চাই, শিরোপা জিততে চাই এবং একজন ফুটবলার হিসেবে উন্নতি করতে চাই। আমি আত্মবিশ্বাসী যে, এটি আমি করতে পারব। এই দলবদল আমার জন্য বড় এক পদক্ষেপ, তাদের হয়ে মাঠে নামতে আমার তর সইছে না।
তাকে নিয়ে সিটির ফুটবল পরিচালক টিসিকি বেগিরিস্তাইন বলেন, হাল্যান্ড
অত্যন্ত মেধাবী এক ফুটবলার এবং গত কয়েক মৌসুমে ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার সে।
বরুশিয়ায় তার গোল করার রেকর্ড প্রমাণ করে, সর্বোচ্চ পর্যায়ে সে সাফল্য পেতে
পারে।
হাল্যান্ডের বাবা আলফ-ইনজেও ম্যানসিটিতে খেলেছেন এবং দলটির অধিনায়ক ছিলেন। তিনি সিটিতে খেলেন ২০০০ থেকে ২০০৩ পর্যন্ত। বাবার পদাঙ্ক অনুসরণ করে হাল্যান্ডও নাম লেখালেন সিটিতে।
এদিকে, বেনফিকা থেকে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে সই করাতে যাচ্ছে লিভারপুল। এ ব্যাপারে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ইংলিশ জায়ান্টদের সমঝোতাও হয়ে গেছে। তার জন্য অল রেডরা ৭৫ মিলিয়ন ইউরো ফি দেবে, যা শর্তসাপেক্ষে ১০০ মিলিয়ন ইউরোয় পৌঁছতে পারে।
২২ বছর বয়সী নুনেজ এই মৌসুমে বেনফিকার হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ৪১ ম্যাচ খেলে ৩৪ গোল করেন। বিবিসি










