অস্ট্রেলিয়ান ওপেনে শুভসূচনা পেয়েছেন বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেক, ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ, বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ, দুইবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা ও তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। যদিও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পেত্রা কেভিতোভা।

ব্রিটেনের হ্যারিয়েট ডার্টকে ৬-৩, ৬-০ গেমে হারান ২০ বছর বয়সী পোলিশ খেলোয়াড় সিয়ানতেক। এছাড়া রোমানিয়ান তারকা হালেপ ৬-৪, ৬-৩ গেমে হারান পোল্যান্ডের মাগদালেনা ফ্রেঞ্চকে। অস্ট্রেলিয়ার মাটিতে এটা হালেপের টানা ষষ্ঠ জয়। অস্ট্রেলিয়ান ওপেনের আগে মেলবোর্নে প্রস্তুতি টুর্নামেন্ট জয় করা হালেপ বলেছেন, তিনি এখনো নিজের সেরা টেনিস থেকে দূরে রয়েছেন। জয় শেষে এ তারকা বলেন, আমার মনে হয় না, এটা আমার সেরা টেনিস, তবে হ্যাঁ, আমার ভালো লাগছে। আমার বিশ্বাস রয়েছে, খেলা যত সামনে গড়াবে মুভমেন্ট ততই বাড়বে। আমার মনোবল যথেষ্ট শক্তিশালী।

২০১৯ আসরের ফাইনালিস্ট ও ২০তম বাছাই কেভিতোভা মেলবোর্ন পার্কে টানা দ্বিতীয় বছর হারলেন রোমানিয়ার সোরানা কিরস্টিয়ার কাছে। কিরস্টিয়া জিতেছেন  ৬-২, ৬-২ গেমে। 

সাবেক উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মুগুরুজা ৬-৩, ৬-৪ গেমে হারান ফ্রান্সের ক্লারা বুরেলকে।

ছেলেদের এককে বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ সহজ জয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। রুশ তারকা ৬-১, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে সুইজারল্যান্ডের হেনরি লাকসোনেনকে হারান। নোভাক জোকোভিচের অনুপস্থিতিতে এবারের আসরে শীর্ষ বাছাই হিসেবে খেলা মেদভেদেভ দ্বিতীয় রাউন্ডে লড়বেন অস্ট্রেলিয়ার নিক কিরিওসের বিপক্ষে। ব্রিটিশ তারকা মারে ৬-১, ৩-৬, ৬-৪, ৭-৬, ৬-৪ গেমে হারান জর্জিয়ার নিকোলোজ বাশিলাশভিলিকে।