২০ নভেম্বর রোববার শুরু হবে কাতার বিশ্বকাপ। তবে বল মাঠে গড়ানোর আগে সবার চোখ থাকবে বিভিন্ন দেশের স্কোয়াডের দিকে। কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার শেষ দিন আগামীকাল। তবে এক সপ্তাহ ধরেই শীর্ষ দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। দেখে নেয়া যাক তাদের স্কোয়াড কেমন হলো।

ব্রাজিল দলে নেই রবার্তো ফিরমিনো

আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেও সুযোগ মিলল না লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর। ২১ বছর বয়সী মার্টিনেল্লি ১৩টি প্রিমিয়ার লিগ ম্যাচে পাঁচ গোল করেছেন। আর ১২ ম্যাচে ছয় গোল করলেও বাদ পড়েছেন ফিরমিনো। আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস তিতের দলে ডাক পেয়েছেন। আর্সেনালে তার সতীর্থ ডিফেন্ডার গ্যাব্রিয়েল অবশ্য ডাক পাননি। ৩৯ বছর বয়সী দানি আলভেস, ৩৮ বছর বয়সী থিয়াগো সিলভা রয়েছেন স্কোয়াডে।

এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। তাদের খেলতে হবে ‘আফ্রিকার অদম্য সিংহ’ খ্যাত ক্যামেরুন এবং ইউরোপের মাঝারি মানের দল সুইজারল্যান্ড ও সার্বিয়ার বিপক্ষে।

ব্রাজিলের আক্রমণভাগে নেইমার ছাড়াও রয়েছেন রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জেসুস, অ্যান্টনি। এছাড়া মিডফিল্ডে কাসেমিরো, ফাবিনহা, এভারটন রিবেইরো, ফ্রেডের মতো বিশ্বস্ত খেলোয়াড় পাবেন তিতে। রক্ষণ সামলাবেন মিলিতাও, থিয়াগো সিলভা, আলভেস, মার্কিনোস, দানিলোরা। আর গোলবারের নিচে তিতের এক নম্বর পছন্দ লিভারপুলের অ্যালিসন বেকার নাকি ম্যানসিটির এডারসন তা বিশ্বকাপের সময়ই জানা যাবে। দুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পালমেইরাসের ওয়েভারটন।

জার্মানি দলে ডাক পেলেন মারিও গোটশে

ব্রাজিল বিশ্বকাপে শেষ মুহূর্তে গোল করে জার্মানিকে চ্যাম্পিয়ন করানো মারিও গোটশে রাশিয়া বিশ্বকাপে সুযোগই পাননি। দীর্ঘদিন অন্ধকারে থাকা এই ফরোয়ার্ড অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডাক পেলেন কাতার বিশ্বকাপের দলে। মূলত লিপজিগ ফরোয়ার্ড টিমো ভেরনার ও বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড মার্কো রেউস চোটের কারণে বাদ পড়ায় ভাগ্য খুলেছে গোটশের। ইনজুরি থেকে সেরে না ওঠায় ‘ওয়ান্ডার কিড’ ফ্লোরিয়ান ভির্টস ও অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাটস হামেলসের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। একঝাঁক তরুণের সঙ্গে টমাস মুলার, ইকাই গুন্দোয়ান, ম্যানুয়্যাল নুয়্যারের মতো অভিজ্ঞরা যাচ্ছেন কাতারে।

মেসির নেতৃত্বে পূর্ণশক্তির আর্জেন্টিনা

পূর্ণশক্তির দল নিয়েই কাতার বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তারকাখচিত এ দলের নেতৃত্ব দেবেন। পিএসজি সুপারস্টার খেলবেন নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী মেসি, ৩৪ বছর বয়সী অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো অভিজ্ঞ যেমন রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি, তেমনি তার দলে স্থান পেয়েছেন সিটি ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজসহ একঝাঁক তরুণ।

চোটগ্রস্ত রোমা স্ট্রাইকার পাওলো দিবালাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৯ অক্টোবরের পর থেকে তিনি মাঠের বাইরে। এছাড়া আছেন ইন্টারমিলান স্ট্রাইকার লাইতারো মার্টিনেজ।

১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনা এবার ‘সি’ গ্রুপে খেলবে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবের সঙ্গে। ২২ নভেম্বর সৌদির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে মেসিদের।

পর্তুগালের ভরসা রোনালদোই

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংগ্রাম করতে হলেও পর্তুগাল দলে এখনো সমাদৃত ক্রিস্টিয়ানো রোনালদো। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী এই ফরোয়ার্ডকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল।

পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস স্কোয়াড নিয়ে বলেছেন, রোনালদোসহ অন্য সব খেলোয়াড়কে বলা হয়েছে, তোমরা জয়ক্ষুধা নিয়ে দলে যোগ দাও ও পর্তুগালকে চ্যাম্পিয়ন করো।

পর্তুগাল দলের ১০ খেলোয়াড়ই ইংলিশ প্রিমিয়ার লিগভিত্তিক বিভিন্ন দলের। রোনালদোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেস ছাড়াও দিওগো দালোত, হোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা, হোয়াও পালিনহা, হোসে সা, রুবেন নেভেস ও ম্যাথিউস নুনেস খেলেন ইংল্যান্ডে।

চোটগ্রস্ত দিয়োগো জোটাকে পাচ্ছে না পর্তুগাল। যদিও ৩৯ বছর বয়সী পেপে জায়গা পেয়েছেন কাতারগামী স্কোয়াডে।

ইংল্যান্ড স্কোয়াডে ম্যাডিসন, র‌্যাশফোর্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন লেস্টার সিটি মিডফিল্ডার জেমস ম্যাডিসন। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট তার স্কোয়াডে ডেকেছেন ম্যানইউ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড, নিউক্যাসল স্ট্রাইকার ক্যালাম উইলসন, ম্যানচেস্টার সিটি ফুল-ব্যাক কাইল ওয়াকার ও আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটকে। দলটির নেতৃত্বে থাকবেন হ্যারি কেন। রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, ফিল ফডেন, জ্যাক গ্রিয়ালিশ, ম্যাসন মাউন্ট রয়েছেন সাউথগেটের স্কোয়াডে।

ভারানেকে নিয়েই স্কোয়াড ঘোষণা ফ্রান্সের

গত ২২ অক্টোবর চেলসির সঙ্গে ম্যাচে চোটে পড়েন ম্যানইউর সেন্টার ব্যাক রাফায়েল ভারানে। এ সময় তিনি কেঁদে মাঠ ছাড়েন। তার শঙ্কা ছিল, হয়তো কাতার বিশ্বকাপে খেলা হবে না। কিন্তু ক্রমেই সুস্থ হয়ে ওঠা এই তারকাকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। টটেনহাম গোলকিপার হুগো লরিস চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা ও পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কাতার মিশনে ফ্রান্সের মূল ভরসার নাম। যদিও ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এনগোলা কান্তে ও পল পগবার চোটের কারণে নেই এবারের স্কোয়াডে। ম্যানইউর ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালও এই বিশ্বকাপ মিস করবেন।

২৬ জনের স্কোয়াড ঘোষণার সুযোগ থাকলেও দিদিয়ের দেশম ২৫ জনের নাম ঘোষণা করেছেন। ‘ডি’ গ্রুপে ২২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে ফ্রান্স। এই গ্রুপে আছে ডেনমার্ক ও তিউনিসিয়া।