নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার অপ্রত্যাশিত হারে আইসিসি টি২০ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার অপূর্ব সুযোগ সামনে এলেও তা লুফে নিতে পারল না বাংলাদেশ। আজ পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ রাউন্ড থেকেই বিদায় নিল সাকিব আল হাসানের দল। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত। এ মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান, দুইয়ে ভারত। আজ দুপুরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ন্যুনতম এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে ভারতের।
আজ টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ২১ রানের মাথায় দলসেরা ব্যাটসম্যান লিটন দাসের উইকেট হারায়। তাকে শিকার করেন পেসম্যান শাহিন শাহ আফ্রিদি। এরপর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে ১০ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে নিয়ে বড় স্কোরের আশা জাগায় বাংলাদশ। কিন্তু ১১তম ওভারে স্পিনার শাদাব খানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
এই আউটের মধ্য দিয়ে বিপর্যয়ের শুরু বাংলাদেশের। চারে নামা সাকিব প্রথম বলেই লেগ বিফোর হয়ে যান। যদিও এই আউটটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ শিবির। আম্পায়ার লেগ বিফোর দিলেও সাকিব নিশ্চিত ছিলেন বলটি ব্যাট ছুঁয়েছে, তাই তিনি রিভিউ নেন। টিভি রিপ্লেতেও দেখা গেছে, বলটি সাকিবের ব্যাট ছুঁয়েছে। যদিও জিম্বাবুয়ের টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এ নিয়ে ধারাভাষ্যকাররাও বিস্মিত।
সাকিবের বিদায়ের পর মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদরা দলকে হতাশ করেন। আফিফ হোসেনের ২৪ রানে ভর করে ৮ উইকেটে ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি ২২ রানে চারটি ও শাদাব খান ২০ রানে দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারালেও ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৩২ বলে ৩২, বাবর ৩৩ বলে ২৫, মোহাম্মদ হারিস ১৮ বলে ৩১, শান মাসুদ ১৪ বলে ২৪ রান করেন।










