ইংল্যান্ডকে দিয়ে প্রথমবার কোনো জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। গত মাসে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ পান নিউজিল্যান্ডের সাবেক এ ব্যাটার। ম্যাককালাম কোচিংয়ের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ইংলিশরা সাদা পোশাকে কোনো দলের বিপক্ষে খেলতে নামেনি।
আজ বৃহস্পতিবার লর্ডসে
শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ
সময় বিকেল চারটায় প্রথম দিনের খেলা শুরু হবে। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কোচ
ম্যাককালামের। অন্যদিকে এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু সাদা পোশাকের স্থায়ী
অধিনায়ক বেন স্টোকসের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গতকালই নিজেদের একাদশ ঘোষণা
করেছে ইংল্যান্ড। লর্ডসে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে ২৩ বছর
বয়সী ডারহ্যামের পেসার ম্যাথিউ পটসের। একাদশে রাখা হয়েছে দুই অভিজ্ঞ পেসার
স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), ম্যাথিউ পটস, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।










