নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। হারের আগে ক্রিকেট বিশ্বের শক্তিশালী দলটিকে কাঁদিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েরা ৪৯.৪ ওভার ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয়েছে। পরে দুর্দান্ত বোলিংয়ে ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগায় নিগার সুলতানার দল। যদিও অভিজ্ঞ হিদার নাইটের লড়াকু ফিফটি হতাশ করছে লাল-সবুজ জার্সিধারীদের। ১১১ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গে ১০০ বলে ৭৯ রানের জুটি গড়া চার্লি ডিন অপরাজিত ছিলেন ২৭ রানে।
২৫ রানে ২ উইকেট পতনের পর সোবহানা মোস্তারি ও শেষ দিকে রাবেয়া খানের লড়াইয়ে দল পায় পৌঁনে দুশ রানের পুঁজি। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা মোস্তারি ১০৮ বলে ৬০ করেন ৮ বাউন্ডারিতে। শেষ দিকে দারুণ ব্যাটিংয়ে ২৭ বলে ৪৩ রান করেন রাবেয়া। তিনি ৬ বাউন্ডারি ও ১ ছক্কা মেরেছেন। সোফি একলেস্টোন ২৪ রানে ৩টি উইকেট নেন।
অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করছে বাংলাদেশ। শ্রীলংকা ম্যাচের সেরা খেলোয়াড় মারুফা আক্তার আজও জ্বলে ওঠেন। ইনিংসের প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনার এমি জোনসকে লেগ বিফোরের ফাঁদে ফেরেন তিনি। যদিও নাহিদা আক্তারের করা পরের ওভারে তিনি ট্যামি বিউমন্টের দেয়া সহজ ক্যাচ ছাড়েন। পরে সেই ট্যামি বিউমন্টকে আউট করেন মারুফাই। সপ্তম ওভারের প্রথম বলে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডানহাতি পেসার।
এক ওভারে দুইবার আঘাত হানেন ফাহিমা। ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট শিভার-ব্র্যান্ট ও সোফিয়া ডাঙ্কলিকে আউট করেন তিনি। শিভার-ব্র্যান্ট মিড উইকেটে ক্যাচ দেন বদলি খেলোয়াড় ফারজানা হককে, আর ডাঙ্কলি হয়েছেন লিগ বিফোর। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। এরপর ফাহিমার শিকার এমা ল্যাম্ব। ব্যক্তিগত ১ রানে নাহিদাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ল্যাম্ব।
৩০তম ওভারে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটান স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন অ্যালিস ক্যাপসি। যদিও এরপর বাংলাদেশকে হতাশ করেন নাইট ও ডিন।










